কালোটাকা সাদা করার সুযোগ নয়: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে কালোটাকাকে আবারও বৈধতা দেওয়ার সংবাদে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘কালোটাকা সাদা করার বিধান অসাংবিধানিক, নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী, অনৈতিক ও বৈষম্যমূলক।’ তিনি এই সুযোগ বন্ধ করার দাবি জানিয়ে বিবৃতিতে বলেন, প্রবাসী-আয় ও মুনাফা অর্জন ঢালাওভাবে কালোটাকাকে উৎসাহিত করার কারণ হিসেবে চিহ্নিত করা অযৌক্তিক। বিশেষ করে ‘কালোটাকার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই’—অর্থসচিবের এ ধরনের মন্তব্য দায়িত্বহীনতার পরিচায়ক। ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের বক্তব্যের পেছনে সুস্পষ্ট বিশ্লেষণ থাকা উচিত; বিশেষ করে কালোটাকা বৈধ করায় কারা সুবিধা পেয়েছে এবং সুবিধার ফলে যে পরিমাণ অর্থ বৈধ করা হয়েছে, তার কত ভাগ প্রবাসী-আয়। তা ছাড়া ব্যবসা-বাণিজ্যে মুনাফা অর্জন অবৈধ উপায়েই করতে হবে—এমন বক্তব্যেরও যেমন কোনো ভিত্তি নেই, তেমনি এর মাধ্যমে বাস্তবে সমাজে সর্বস্তরে দুর্নীতিকে আরও প্রসারিত করার উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে সৎ ও বৈধভাবে উপার্জনকে নিরুৎসাহিত করা হচ্ছে, যা বেআইনি, অসাংবিধানিক এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক।’ বিবৃতিতে বলা হয়েছে, স্বার্থান্বেষী মহলের চাপে প্রণোদনার নামে শেয়ারবাজারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা শেয়ারবাজার পরিপূর্ণ দখলের সুযোগ সৃষ্টি করা হয়েছে।সবশেষে ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক বিবেচনায় কালোটাকা নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করা সম্ভব নয় বলে অর্থমন্ত্রীর বক্তব্য দুর্নীতির মতো ব্যাধির কাছে রাজনৈতিক পরাজয়ের দৃষ্টান্ত। এ ধরনের আত্মঘাতী অবস্থানের পরিবর্তে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে দুর্নীতির ক্রমবর্ধমান প্রভাব বিস্তার বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে কালোটাকা বৈধ করার সুযোগ বন্ধ করার জোর দাবি জানিয়েছে টিআইবি।