কালোটাকা সাদা হয় সামান্যই
বছরের পর বছর ধরে সরকার কালোটাকা সাদা করার সুযোগ দিলেও সাদা হয় সামান্যই। যেমন ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত দেশে ১৩ হাজার ৩৭২ কোটি কালোটাকা সাদা হয়েছে। আর এর জন্য জরিমানা বাবদ সরকার রাজস্ব পেয়েছে ১ হাজার ৪৫৪ কোটি টাকা।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কালোটাকা সাদা হওয়ার এই পরিমাণের কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন দুবারের মহাজোট সরকারের সাড়ে আট বছরে যত কালোটাকা সাদা হয়েছে, তার প্রায় চার গুণ কালোটাকা সাদা হয়েছিল গত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরেই। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই বছরে কালোটাকা সাদা হয়েছে ৯ হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ টাকা। এর বদলে সরকার রাজস্ব পেয়েছে ৯১১ কোটি ৩২ লাখ টাকা।
আর আওয়ামী লীগের আমলে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ১ হাজার ১০৫ কোটি ১ লাখ টাকা এবং ২০১৩ থেকে বর্তমান পর্যন্ত ৮৫৬ কোটি ৩০ লাখ কালোটাকা সাদা হয়েছে। বিনিময়ে সাড়ে আট বছরে সরকার রাজস্ব পেয়েছে ২৭৮ কোটি ৮১ লাখ টাকা।
১৯৭১ থেকে এখন পর্যন্ত দেশে ১৩ হাজার ৩৭২ কোটি কালোটাকা সাদা হয়েছে: সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য
সংসদে অর্থমন্ত্রী স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত কালোটাকা সাদা হওয়ার বছরওয়ারি হিসাব দিয়েছেন। যেমন, ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা সাদা হয়, ১৯৭৬ থেকে ১৯৮০ পর্যন্ত সাদা হয় ৫০ কোটি ৭৬ লাখ, ১৯৮১ থেকে ১৯৯০ পর্যন্ত ৪৫ কোটি ৮৯ লাখ, ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ১৫০ কোটি ৭৯ লাখ, ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত ৯৫০ কোটি ৪১ লাখ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৮২৭ কোটি ৭৪ লাখ কালোটাকা সাদা হয়েছে।
তবে অর্থমন্ত্রী কালোটাকা সাদা হওয়ার মোট পরিমাণ ১৩ হাজার ৩৭২ কোটি টাকা বললেও বছরওয়ারি অঙ্কগুলো যোগ করলে আরও ১ হাজার কোটি টাকা বেশি, অর্থাৎ ১৪ হাজার ৩৭২ কোটি টাকা দাঁড়ায়।
দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া যে অনৈতিক, টিআইবি বরাবরই তা বলে আসছে। আর এই সুযোগ দিয়ে সরকার যে নগণ্য পরিমাণ রাজস্ব পায়, তারই চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী।’
বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ সব সরকারই দিয়ে আসছে। আর এ নিয়ে প্রতিবারই তীব্র সমালোচনার মুখে পড়তেন অর্থমন্ত্রীরা। তবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে এই আলোচনা এখন থেমে গেছে। কেননা, বর্তমান অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরে কালোটাকা সাদা করার বিধানকে আয়কর আইনে স্থায়ী করে দিয়েছেন। ফলে এখন আর আলাদা ঘোষণা দিতে হয় না। আর এ কারণেই এবারের বাজেট বক্তব্যে কালোটাকা বা কালোটাকা সাদা করা নিয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। তবে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি শুধু বলেন, ‘জরিমানা দিয়ে কালোটাকা সাদা করার আইন রয়েছে। জরিমানার হারটা একটু বেশি, ২০ শতাংশ।’
যদিও ২০০৯ সালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই অর্থমন্ত্রীই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়াকে ‘রাজনীতির কাছে নৈতিকতার পরাজয়’ হয়েছে বলে জানিয়েছিলেন। সেবার তিনি বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেবেন না বলে বাজেটের আগে বলেছিলেন।
এদিকে দেশে কী পরিমাণ কালোটাকা আছে তা নিয়ে ভালো কোনো গবেষণাও নেই। পাঁচ বছর আগে অর্থ মন্ত্রণালয় একটি প্রতিবেদন তৈরি করেছিল। এতে বলা ছিল, দেশে কালোটাকার পরিমাণ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৭ থেকে ৮২ শতাংশ। আগামী অর্থবছরের জিডিপির পরিমাণ ২২ লাখ কোটি টাকার বেশি। অর্থ মন্ত্রণালয়ের হিসাবের সবচেয়ে কম ৩৭ শতাংশ ধরে হিসাব করলেও আগামী অর্থবছরে কালোটাকার পরিমাণ হওয়ার কথা প্রায় ৮ লাখ কোটি টাকা। অর্থাৎ, বিপুল পরিমাণ কালোটাকা থাকলেও সাদা হয় সামান্যই। অন্যদিকে পাচারও বাড়ছে। ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগরিটি সম্প্রতি হিসাব দিয়ে বলেছে, গত ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৬ লাখ কোটি টাকা।
এ অবস্থায় কালোটাকা উৎপাদনের উৎসমুখগুলো বন্ধ করার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।