কালোটাকার বিষয়ে অর্থমন্ত্রীর ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার সচিবালয়ে কালোটাকার বিষয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যথাযথ হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সফররত ভাইস প্রেসিডেন্ট জিয়াও ঝুর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে সংবাদ পরিবেশন করেছেন, তা খুবই দুঃখের কারণ হয়েছে। সবাই বলেছেন যে আমি কালোটাকা পছন্দ করি। আমি ওই দিন বলেছি যে ব্যক্তিগতভাবে আমি কালোটাকা কখনোই চাই না। কিন্তু গণতন্ত্রে মাঝেমধ্যে সমঝোতা করতে হয়। আর এ বছর কালোটাকা সাদা করব, তা অনিশ্চিত।’ অর্থমন্ত্রী বলেন, ‘অর্থসচিবও বলেছেন যে কালোটাকা নির্মূল করা সহজ ব্যাপার নয়।’ তিনি বলেন, ‘বৈদেশিক সূত্রেও কিছু টাকা কালো হয়। কালোটাকা সহজে নির্মূল করে দেব, এমন ভোগাস বিবৃতি আমি দিতে পারি না।’ গতকাল এ নিয়ে অর্থ বিভাগও একটি প্রতিবাদ পাঠিয়েছে। প্রতিবাদে বলা হয়েছে, ‘অর্থমন্ত্রী রোববার বলেছিলেন যে গণতন্ত্র হলো সমঝোতার বিষয় এবং সে ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ না নিলেও দেশের স্বার্থে বা কোনো গুরুত্বপূর্ণ খাতের স্বার্থে সে রকম উদ্যোগ নিতে হয়। তবে আগামী বাজেটে কালোটাকা সাদা হবে কি না, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।’