কালোবাজার থেকে টিকিট কিনে সাক্ষ্য দিতে যাচ্ছেন শিক্ষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফলাফলের সারণীকরণপত্র (টেব্যুলেশন শিট) জালিয়াতির ঘটনা তদন্তে সহায়তার জন্য চট্টগ্রাম কলেজের সাত শিক্ষক দুর্নীতি দমন কমিশনে (দুদক) যাচ্ছেন।তবে নিয়ম মেনে, এমনকি রেল কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও তাঁরা ঢাকা যাওয়ার ট্রেনের টিকিট কিনতে পারেননি। বাধ্য হয়ে চড়া দাম দিয়ে কালোবাজার থেকে টিকিট কিনতে হয়েছে তাঁদের। ওই টিকিটে আজ সোমবার রাতে তূর্ণা-নিশীথাযোগে তাঁদের ঢাকায় রওনা হওয়ার কথা।এই সাত শিক্ষক হলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক হযরত আলী, সহকারী অধ্যাপক সুবাস দাশ, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক নুরুল বাশার, সহকারী অধ্যাপক প্রসেনজিৎ পাল, প্রভাষক জাহাঙ্গীর আলম ও ইকবাল বাহার চৌধুরী।শিক্ষকেরা বলেছেন, আগামীকাল মঙ্গলবার তাঁরা ঢাকায় দুদক কার্যালয়ে গিয়ে রেলে নিয়োগে অনিয়মের বিষয়ে সাক্ষ্য দেবেন। এক ফ্যাক্সবার্তার মাধ্যমে তাঁদের ঢাকায় যাওয়ার অনুরোধ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সহকারী অধ্যাপক আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা টিকিটের জন্য পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে তাফাজ্জল হোসেনকে ঢাকায় যাওয়ার বিষয়টি জানান। মহাব্যবস্থাপক তাঁদের স্টেশন ম্যানেজার সামসুল আলমের কাছে যেতে বলেন। ম্যানেজার তাঁদের টিকিট নেই বলে জানিয়ে দেন। পরে তাঁরা দুদকের ফ্যাক্সবার্তা দেখিয়ে টিকিট দেওয়ার অনুরোধ জানান। এতে ম্যানেজার উত্তেজিত হয়ে বলেন, ‘আমার কাছে টিকিট নেই। আমি কোথায় টিকিট পাব?’ আলমগীর হোসেন বলেন, ম্যানেজার টিকিট না দিয়ে তাঁদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেছেন। পরে বাধ্য হয়ে কালোবাজার থেকে চড়া দামে টিকিট কিনেছেন। এ বিষয়ে মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেকোনো ট্রেনের টিকিট চার দিন আগে বিক্রি করা হয়। আসলে টিকিটের খুব সংকট। শেষ মুহূর্তে কেউ টিকিট চাইলে দেওয়া কষ্টসাধ্য। স্টেশন ব্যবস্থাপক যদি দুর্ব্যবহার করে থাকেন তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ জানতে চাইলে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক সামসুল আলম বলেন, ‘টিকিট থাকলে তো দিয়েই দিতাম। কিন্তু উনারা যখন এসেছিলেন তখন কোনো টিকিট ছিল না।’ দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ ঠিক নয়। কর্তৃপক্ষ ‘টিকিট নেই’ বললেও শিক্ষকেরা কালোবাজার থেকে টিকিট সংগ্রহ করেছেন জানালে সামসুল আলম বলেন, তাঁর জানামতে তাঁর স্টেশনে টিকিটের কালোবাজার নেই। তাহলে শিক্ষকেরা কীভাবে টিকিট সংগ্রহ করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না। এটা উনাদের বিষয়।’ প্রসঙ্গত, রেলওয়ে পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া গত ৬ জুন নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলের টেব্যুলেশন শিট পরিবর্তনের জন্য চট্টগ্রাম কলেজের সাত শিক্ষকের কাছে গিয়ে তদবির শুরু করেন। নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে টেব্যুলেশন শিট তৈরি করে দিয়েছিলেন ওই সাত শিক্ষক। শিক্ষকদের সই-সংবলিত ওই শিট হারিয়ে গেছে উল্লেখ করে কিবরিয়া নিজের মনগড়া শিট তৈরি করে তাতে শিক্ষকদের পুনরায় সই করার অনুরোধ করেছিলেন। শিক্ষকেরা তাতে রাজি হননি। পরদিন এই সংক্রান্ত প্রতিবেদন প্রথম আলোতে ছাপা হয়েছিল। নিয়োগ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়াকে মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে। এরপর দুদক বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য শিক্ষকদের দুদকে যাওয়ার অনুরোধ জানানো হয়।