কালোবাজারি ও দাদন ব্যবসায়ীদের বিনিয়োগ!
পাবনার সাঁথিয়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য বিজয়ী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পেছনে কালোবাজারিরা টাকা বিনিয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচিত হওয়ার পর কাবিখা, কাবিটা, টিআরসহ বিভিন্ন প্রকল্পের চাল-গম চেয়ারম্যান ও সদস্যরা যাতে কালোবাজারিদের কাছে বিক্রি করেন সে জন্যই নির্বাচনের খরচ বাবদ এমন বিনিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া দাদন ব্যবসায়ীরাও সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের পেছনে বিভিন্ন শর্তে টাকা ঢালছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কালোবাজারিরা সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের সঙ্গে এই চুক্তি করে নিচ্ছেন যে, নির্বাচিত হয়ে তাঁরা যেন বিভিন্ন প্রকল্প থেকে পাওয়া চাল ও গম বিনিয়োগকারী কালোবাজারিদের কাছেই বিক্রি করেন। এ ছাড়া কোনো কোনো কালোবাজারি ও দাদন ব্যবসায়ী মূল টাকাসহ এর কয়েক গুণ বেশি ফেরতের চুক্তিতেও টাকা বিনিয়োগ করছেন। এই প্রক্রিয়াটি অতি গোপনে সম্পাদিত হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে না। গৌরীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম মুকুল অভিযোগ করে জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেদার কালো টাকা ওড়াচ্ছেন। ভোটারদের তাঁরা নগদ টাকা, এমনকি মোবাইল ফোনসেট পর্যন্ত কিনে দিচ্ছেন। নন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রাজ্জাক অভিযোগ করে জানান, তাঁর ইউনিয়নে এক প্রার্থী নন্দনপুর বাজারের এক কালোবাজারির কাছ থেকে প্রকল্পের চাল ও গম বিক্রি করার কথা দিয়ে দুই লাখ টাকা নিয়েছেন। সেই টাকায় ওই প্রার্থী নির্বাচনী ব্যয় মেটাচ্ছেন।চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে চাল ও গম কেনার ব্যবসার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, তিনি এ ধরনের বিনিয়োগ করেননি। তবে কয়েকজন ব্যবসায়ী সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের পেছনে বিনিয়োগ করেছেন বলে তিনি শুনেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক সরকার বলেন, ‘প্রার্থীদের পেছনে কেউ টাকা বিনিয়োগ করছেন কি না এ ব্যাপারে কোনো তথ্য আমাদের জানা নেই। এ ধরনের কোনো অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আগামীকাল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।