কালোবাজারিদের উৎপাত কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সোমবার থেকে সারা দেশে ট্রেনের বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। ভাড়া বেড়ে যাওয়ায় চট্টগ্রাম স্টেশনে টিকিট কালোবাজারিদের উৎপাত আপাতত কমে গেছে বলে জানা গেছে। কারণ স্টেশনের কাউন্টারেই পর্যাপ্ত টিকিট আছে।রেলওয়ে সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে বর্ধিত ভাড়ার টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ওই দিন বিক্রি হয় আগামী সোমবারের টিকিট। একইভাবে আগামী মঙ্গলবারের টিকিট বিক্রি হয় ২৭ সেপ্টেম্বর।রেল কর্মকর্তারা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথে টিকিটের দাম প্রায় ৯০ থেকে ১০৯ শতাংশ বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় কাউন্টারে পর্যাপ্ত টিকিট রয়েছে। এ কারণে কালোবাজারিরা আপাতত উৎসাহ হারিয়ে ফেলেছে।রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও মেঘনা নদীর ওপর দুটি সেতু নির্মিত হওয়ায় সরকার ১৯৯২ সালের ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাড়া ৩০ শতাংশ রেয়াত (ছাড়) দেয়। ট্রেনে ভ্রমণ উৎসাহিত করতে সরকার এই রেয়াত দিয়েছিল। ২০ বছরেও এই ভাড়া আর বাড়ানো হয়নি এবং রেয়াতও তুলে নেওয়া হয়নি। এবার নতুন ভাড়ার হার বিন্যাস করার সময় রেয়াত তুলে নেওয়া হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ৯০ শতাংশের বেশি ভাড়া বেড়েছে।রোকনুজ্জামান আরও বলেন, ‘রেলপথের নতুন ভাড়া কার্যকর হওয়ায় স্টেশনে কালোবাজারিদের উৎপাত বন্ধ হয়েছে। প্রকৃত যাত্রীদের কাছেই আমরা টিকিট বিক্রি করতে পারছি। এতে যাত্রীরাও খুশি।’রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশের একমাত্র বিরতিহীন ঢাকা-চট্টগ্রাম রেলপথে সুবর্ণ এক্সপ্রেসের স্নিগ্ধা (শীতাতপ) আসনের ভাড়া ৩৮০ টাকা থেকে বেড়ে ৬৭৩ টাকা হয়েছে। একই ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ১৬৫ টাকা থেকে বাড়িয়ে ৩৫৩ টাকা করা হয়েছে। প্রভাতী ও গোধূলীর স্নিগ্ধা আসনের ভাড়া ৩৪৫ টাকা থেকে বেড়ে ৬১০ টাকা হয়েছে। আর শোভন চেয়ার ১৫০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা হয়েছে। রেল কর্মকর্তারা জানান, রাতে ঘুমিয়ে ভ্রমণের জন্য ১৯৯২ সালে টিকিটের ওপর ৩০ শতাংশ রেয়াত দেওয়া হয়নি। তাই তূর্ণা ও মেইল ট্রেনে স্লিপার ভাড়া মাত্র ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। তূর্ণা ও মেইল ট্রেনের শীতাতপ স্লিপারের ভাড়া ৭৫৬ টাকা থেকে এক হাজার ১৪৩ টাকা এবং সাধারণ স্লিপারের ভাড়া ৪৫৫ টাকা থেকে ৬৮৫ টাকা করা হয়েছে।