কালোবাজারিদের কাছে টিকিট বিক্রির অভিযোগে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোবাজারিদের কাছে টিকিট বিক্রির অভিযোগে কুমিল্লা রেলস্টেশনের একজন বুকিং সহকারীকে বদলির আদেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল রোববার সন্ধ্যায় কুমিল্লা রেলস্টেশন পরিদর্শনে গিয়ে জনতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এই বদলির আদেশ দেন।প্রসঙ্গত, মো. মুজিবুল হক রেলমন্ত্রী হওয়ার পর গতকাল প্রথমবারের মতো কুমিল্লা রেলস্টেশন পরিদর্শনে যান।মো. মুজিবুল হক প্রথম আলোকে বলেন, কুমিল্লা রেলস্টেশনের বুকিং সহকারী শাহজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে তাঁকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রেলওয়েকে লাভজনক পর্যায়ে নেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করব। এ ক্ষেত্রে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে হবে।’রেলওয়ে সূত্র জানায়, রেলমন্ত্রী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা রেলস্টেশন পরিদর্শনে যান। এ সময় তিনি রেলস্টেশনের বিভিন্ন কক্ষ দেখেন। রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, যাঁরা অনিয়ম ও দায়িত্বে অবহেলা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ পারভেজ খান।