কালোবাজারে টিকিট বেচতে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ!
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করার সময় রাঙামাটি বিশেষ শাখার এক পুলিশ কনস্টেবল হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট বিক্রি করার সময় তিনি ধরা পড়েন। পরে তাঁকে রেল পুলিশের কাছে সোপর্দ করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘টিকিট কালোবাজারে বিক্রি করছিলেন শামসুল হক। এ সময় স্টেশনে তাঁকে ঘিরে জটলার সৃষ্টি হতে দেখা যায়। আমি জটলার কাছাকাছি যাই এবং কালোবাজারে টিকিট বিক্রি হতে দেখি। একপর্যায়ে আমি তাঁকে চ্যালেঞ্জ করি। শামসুল হক হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করলে যাত্রী ও জনতা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। ওই সময় তিনি গণপিটুনির শিকার হন।’ রেলওয়ে সূত্র জানায়, গণপিটুনির একপর্যায়ে শামসুল হক নিজেকে পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেন। তাঁর পরিচয়পত্র ও কালোবাজারে বিক্রির জন্য রাখা পাঁচটি টিকিট রেলওয়ে কর্তৃপক্ষ জব্দ করে। পাঁচটির মধ্যে তিনটি টিকিটের তারিখ কারসাজি করা ছিল। ৫ মার্চ ব্যবহূত হওয়া টিকিটকে ঘষামাজা করে ১৫ মার্চের টিকিট হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘শামসুল হক কাগজে-কলমে রাঙামাটি বিশেষ শাখায় বৃহস্পতিবার দায়িত্বে ছিলেন। এই অবস্থায় তিনি কর্মস্থলে না থেকে চট্টগ্রাম স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রি করছিলেন। এ ব্যাপারে আমরা একটি প্রতিবেদন দেব, যেখানে শামসুলের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে।’ রেলওয়ে সূত্র জানায়, শামসুল হক রেলওয়ে পুলিশের হেফাজতে আছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত রাঙামাটি পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়নি। রাঙামাটির জেলা পুলিশ সুপার মাসুদ-উল-হাসান বলেন, কর্মস্থলে অনুপস্থিত থেকে কাউকে না বলে চট্টগ্রামে চলে যাওয়া বড় অপরাধ। শামসুল হকের বিরুদ্ধে এই অপরাধের কারণে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।