১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আল হেলাল নামে এক ডিলারের ডিলারশিপ গতকাল মঙ্গলবার বাতিল করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, পলাশবাড়ী ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে আল হেলাল ডিলারশিপ পান। আল হেলাল প্রথম পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ও ২২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় বিরল খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করেন। এর মধ্যে প্রথম দফায় উত্তোলন করা চালের মধ্যে ১৪৩টি কার্ডের ৪ হাজার ২৯০ কেজি ও দ্বিতীয় দফার ৬ হাজার ৮১০ কেজি চাল কালোবাজারে বিক্রি করেন তিনি।
পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোজাহারুল হক বলেন, বিষয়টি জানাজানি হলে তিনিসহ ইউপি সদস্য আজাহার আলী, সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দীন, সমাজসেবী মনসুর আলী ও মো. শাহজাহান অভিযোগ করেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায় বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি তদন্তের জন্য তাঁকে দায়িত্ব দেন। এরপর তিনি স্থানীয় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আশাদুর রহমানসহ সরেজমিন তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পান। আল হেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে আল হেলালের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
ইউএনও আবদুল্লাহ আল খায়রুম গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, অবস্থা বেগতিক দেখে আল হেলাল অসুস্থতার কারণ দেখিয়ে গত রোববার ডিলারশিপের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তবে তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর আল হেলালের ডিলারশিপ বাতিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।