কালোবাজারে লঞ্চের টিকিট বিক্রি, দুর্ভোগে যাত্রীরা!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দৌলতপুর লঞ্চঘাট থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাত্রী নিয়ে এমভি জয়ন্তিকা লঞ্চটি ছেড়েছে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায়। এতে অধিকাংশ যাত্রী ছিলেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষার্থী। আসনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা ভাড়া আদায় করা হয়েছে। আর্থিক সুবিধা নিয়ে লঞ্চ কর্তৃপক্ষের লোকজন অধিকাংশ টিকিট কালোবাজারে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।পরীক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর লঞ্চঘাট থেকে সুনামগঞ্জ পর্যন্ত লঞ্চের ভাড়া জনপ্রতি চেয়ারে (আপারে) ১৩৫ টাকা এবং নিচে (লোয়ারে) ৯০ টাকা। কিন্তু টিকিট সংগ্রহ করতে গিয়ে গুনতে হয়েছে সর্বনিম্ন ১৫০ থেকে ৩০০ টাকা করে। আজ শুক্রবার সুনামগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।লঞ্চের যাত্রী শফিক কামাল, সেলিনা বেগম, সুলতান মিয়াসহ একাধিক যাত্রীর অভিযোগ, যাত্রী বেশি হবে জেনে লঞ্চের লোকজন আর্থিক সুবিধা নিয়ে দৌলতপুর বাজারের চা-স্টলের কয়েকজন ব্যবসায়ীর কাছে কালোবাজারে অধিকাংশ টিকিট অগ্রিম বিক্রি করায় প্রতিটি টিকিট ১৫০ থেকে ৩০০ টাকায় কিনতে হয়েছে।লঞ্চের কেরানি দয়াল চন্দ্র বলেন, ‘আমরা কালোবাজারে একটি টিকিটও বিক্রি করিনি।’লঞ্চের স্বত্বাধিকারী নবী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহূত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।