কালোবাজারে সার বিক্রি ও মজুত করায় দুজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ইউরিয়ার অবৈধ মজুত ও কালোবাজারে বিক্রির অভিযোগে এক পরিবেশকসহ দুজনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত রোববার রাতে এ জরিমানা করেন।
দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) তালিকাভুক্ত সার পরিবেশক দর্শনার সাইফুল ইসলামকে কালোবাজারে ১৮ মেট্রিক টন সার বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করেন। জীবননগরের ইউএনও সাজেদুর রহমান উপজেলার দেহাটি বাজারের মনিরুল ইসলামকে অবৈধভাবে ১৭১ বস্তা সার মজুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন।
মনিরুল ইসলাম দাবি করেন, তিনি জীবননগরের কয়েকজন সার পরিবেশকের কাছ ওই সার কিনে কৃষকদের কাছে বিক্রি করছিলেন। তবে তিনি কোনো পরিবেশকের নাম জানাতে পারেননি।
সাইফুল ইসলাম জানান, তাঁর পরিবেশক লাইসেন্স কুড়ুলগাছি ইউনিয়নের নামে। তবে যে অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে, তা সঠিক নয়।