কালোবাজারে ৫০ বস্তা চাল বিক্রিকালে জব্দ
বন্যার্তদের জন্য বরাদ্দ ৫০ বস্তা (সোয়া চার মেট্রিক টন) চাল কালোবাজারে বিক্রির সময় গত শুক্রবার পুলিশ জব্দ করেছে। তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের তিন নম্বর সমিতির কপোতাক্ষ নদ পাড়ের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। এসব চাল কেনাবেচার অভিযোগে উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওই ইউপির সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা পারভিন, পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।পাটকেলঘাটা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, খাদ্য গুদাম থেকে ৫০ বস্তা ত্রাণের চাল বিক্রি করা হয়েছে—এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সমিতির কপোতাক্ষ নদ পাড়ের গুদামে ট্রলি থেকে নামানোর সময় ২৭ বস্তা ও গুদাম থেকে ২৩ বস্তা চাল জব্দ করে।ইউপি সদস্য রোকসানা পারভিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য শুক্রবার পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পক্ষে তিনি পাটকেলঘাটা খাদ্য গুদাম থেকে ওই চাল উত্তোলন করেন। এর মধ্যে ১২ বস্তা (এক মেট্রিক টন) চাল কুমিরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। বাকি ৪৬ বস্তা চাল খাদ্য গুদাম কর্মকর্তার অনুমতি নিয়ে গুদামে রেখে যান। গুদাম কর্মকর্তা ওই চাল কালোবাজারে বিক্রি করে তাঁর ওপর দোষ চাপাচ্ছেন।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘রোকসানা পারভিন বানভাসিদের মধ্যে বিতরণের জন্য শুক্রবার বেলা দুইটার দিকে ত্রাণের (জিআর) ৫৮ বস্তা (পাঁচ মেট্রিক টন) চাল উত্তোলন করেন। এরপর তিনি ওই চাল কী করেছেন, তা আমার জানার কথা নয়।’ট্রলিচালক উপজেলার তৈলকুপি গ্রামের হাবিবুর রহমান বলেন, খাদ্য গুদাম থেকে তিন নম্বর সমিতির সদস্য আমজাদ সরদার তাঁর ও আলতাফ হোসেনের ট্রলিতে ৫০ বস্তা চাল তুলে দিয়ে সমিতির কপোতাক্ষ নদ পাড়ের গুদামে নামিয়ে দিতে বলেন। সে অনুযায়ী তাঁরা চাল নিয়ে যান।পাটকেলঘাটা বাজারের তিন নম্বর সমিতির সদস্য আমজাদ সরদার বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। পরে কথা বলব।’পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, এ ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তরের সহকারী আবদুল হাকিম বাদী হয়ে শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাজারের তিন নম্বর চাল ক্রয়-বিক্রয় সমিতির সদস্যসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।