কাশিপুর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর আশ্রয়ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, ২০০৭ সালে কাশিপুরে আশ্রয়ণ প্রকল্প তৈরি করতে ভূমি মন্ত্রণালয় থেকে ছয় একর ৮৩ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়। নবগঙ্গা নদীর এ জমিকে জেলা ও উপজেলা প্রশাসনের প্রস্তাবের ভিত্তিতে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করে এ জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর ওই জমির দুই একর ৮ শতাংশের ওপর আশ্রয়ণ প্রকল্প করতে কার্যাদেশ দেওয়া হয়েছে। এতে মাটি ভরাট করতে কাবিখার নীতিমালায় ১৬৯ দশমিক ৩৩৪ মেট্রিক টন গম বরাদ্দ হয়। কাজ শেষ করার মেয়াদ ছিল ৩০ নভেম্বর। মাটি ভরাট প্রকল্প কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। নদী ভরাট করে প্রকল্প তৈরির প্রতিবাদে স্থানীয় লোকজন নদীর পাড়ে ১৫ অক্টোবর বিক্ষোভ করেন। এরপর গত বুধবার আশ্রয়ণ প্রকল্প-২-এর প্রকল্প পরিচালক নড়াইলের জেলা প্রশাসককে এ প্রকল্পের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
নদী ভরাটের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তহমিনা খাতুন বলেন, ‘তখন আমি ছিলাম না, কীভাবে প্রস্তাব গেছে তা বলতে পারব না।’