কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ অবশেষে এসএসসির ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন এসএসসি পরীক্ষার ভেন্যু হিসেবে বরিশাল নগরের কাশিপুর বালিকা বিদ্যালয়ের পর এবার কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের নাম ঘোষণা করা হয়েছে। বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের পরিধি বেড়ে যাওয়ায় নগরের কাছাকাছি এসএসসির ভেন্যু দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসক ও বোর্ড কর্তৃপক্ষ সম্প্রতি কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং পার্শ্ববর্তী কাশিপুর বালিকা বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। অবকাঠামোগত সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা দেখে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজকে তাঁরা ভেন্যু হিসেবে মনোনীত করেন। অভিযোগ রয়েছে, বোর্ড চেয়ারম্যান কারও সঙ্গে পরামর্শ না করে কাশিপুর বালিকা বিদ্যালয়কে মনোনীত করেন। কাশিপুর স্কুল অ্যান্ড কলেজকে ভেন্যু না করার প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গতকাল বুধবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে অবরোধ কর্মসূচি পালন করে। পরে কর্তৃপক্ষ কাশিপুর স্কুল অ্যান্ড কলেজকেও ভেন্যু নির্ধারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিকেল তিনটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ বা পরামর্শ ছাড়াই বোর্ড চেয়ারম্যান একক ভেন্যু নির্ধারণ করেছিলেন।’জানতে চাইলে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কোনো চাপে নয়, সাবেক চিফ হুইপকে সম্মান করার জন্যই কাশিপুর বালিকা বিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এলাকাবাসীর দাবির মুখে এখন কাশিপুর স্কুল অ্যান্ড কলেজকেও ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।’কাশিপুর বালিকা বিদ্যালয় ভেন্যু হলেও এর মূল কেন্দ্র হবে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। অপরদিকে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র বরিশাল জেলা স্কুল।