কাশিমপুর ইউপি চেয়ারম্যানের বিলাসবহুল বাড়ি উচ্ছেদ
অর্পিত সম্পত্তিতে অবৈধভাবে গড়ে তোলা গাজীপুরের কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেনের বাগানবাড়ি গতকাল বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ করা হয়েছে। গাজীপুর জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের সহায়তায় ‘বুলডোজার’ দিয়ে শওকত হোসেনের বাড়ির একাংশ গুঁড়িয়ে দিয়ে তাঁকে উচ্ছেদ করা হয়েছে। কাশিমপুর ভূমি অফিস সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেনের দখলীয় ওই সম্পত্তি আরএস রেকর্ড অনুযায়ী অর্পিত সম্পত্তি। ২০০১ সালের প্রত্যর্পণ আইন এবং ২০১১ সালে তার সংশোধিত আইন অনুযায়ী কোনো অর্পিত সম্পত্তি কোনো ব্যক্তি দাবি করতে পারে না। দাবি করলেও তা সরাসরি নাকচ হয়ে যাবে। এ মর্মে তাঁকে সম্প্রতি ওই জমি ছেড়ে দিতে উচ্ছেদ মামলা ও নোটিশ দেওয়া হয়। কিন্তু শওকত হোসেন ওই জমির মালিকানা না ছেড়ে জেলা সাবজজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলা করেন। পরে আদালত ওই নিষেধাজ্ঞার মামলা খারিজ করেন। তার পরও তিনি গাজীপুর জেলা জজ আদালতে ওই রায়ের বিরুদ্ধে মিস আপিল করেন এবং ওই আদালতও তা গত ৪ মার্চ খারিজ করেন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের সহায়তায় ‘বুলডোজার’ দিয়ে শওকত হোসেনের বাড়ির একাংশ গুঁড়িয়ে দিয়ে তাঁকে উচ্ছেদ করা হয়েছে। কাশিমপুর ইউপির চেয়ারম্যান মো. শওকত হোসেন জানান, ‘গাজীপুরের কাশিমপুর জমিদার গঙ্গা প্রসাদ রায় চৌধুরী, গৌতম প্রসাদ রায় চৌধুরী ও উত্তম রায় চৌধুরীর কাছ থেকে ২০০৯ সালে এক একর ৫২ শতাংশ জমি কিনি এবং তা নিজের নামে ওই জমির নামজারি ও খাজনা পরিশোধ করি। পরে ওই জমিতে বহুতল ভবনসহ কটি টিনশেড ঘর নির্মাণ করি। ইতোপূর্বে ১৯৭৫ সালে ওই জমিদারেরা আদালতের মাধ্যমে ওই সম্পত্তি অর্পিত সম্পত্তি নয় বলে রিলিজ করে নেন এবং ১৯৮৬ সালে অতিরিক্ত জেলা প্রশাসনের (ভূমি) অনুমোদনক্রমে তাঁদের নামে নাম জারি-জমা ভাগ করা হয়। ১৯৯৭ সালে মৌজাওয়ারি অর্পিত সম্পত্তির তালিকাতেও ওই জমির দাগ নেই। তাঁরা এখনো জীবিত থাকলেও জেলা প্রশাসন ওই জমি অর্পিত সম্পত্তি দাবি করে ২১ মার্চ আমাকে উচ্ছেদ নোটিশ পাঠায়। এ ব্যাপারে আমি গাজীপুর জেলা জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলা করি। পরে আদালত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি), গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহশিলদার) ওই ব্যাপারে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে ১ এপ্রিল ওই নোটিশের জবাব দেওয়ার পর ৩ এপ্রিল শুনানি শেষে আদালত ৪ এপ্রিল স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেন। আমি আগামী রোববার এ ব্যাপারে উচ্চ আদালতের আশ্রয় নেব।’ কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহশিলদার) মো. ইব্রাহিম কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।