কাশিমপুর কারা কমপ্লেক্সে হঠাৎ হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের ভেতর আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি হেলিকপ্টার অবতরণ করেছে। ওই হেলিকপ্টারে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। প্রবাসী ওই ব্যক্তি বলছেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিকের ভাষ্য, প্রবাসী ওই ব্যক্তির নাম বিল্লাল হোসেন। বাড়ি কুমিল্লার হোমনা এলাকায়। বিল্লাল জানিয়েছেন যে পরিবারের সদস্যদের নিয়ে মেঘনা অ্যাভিয়েশন লিমিটেডের হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এই সেই  হেলিকপ্টার
এই সেই হেলিকপ্টার

প্রবাসী বিল্লাল হোসেনের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাস করেন। তাঁর স্ত্রীও মালয়েশীয়। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কোনাবাড়ী আমবাগ এলাকায় তাঁর এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। পাইলট ভুল করে কোনাবাড়ী কুদ্দুসনগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সের ভেতরের মাঠে অবতরণ করেন।

কারা কর্তৃপক্ষ বিষয়টি সিভিল অ্যাভিয়েশন জানায়। পরে হেলিকপ্টারের পাইলট সোহেল লতিফ কারা কর্তৃপক্ষের কাছে ই-মেইল পাঠিয়ে দুঃখপ্রকাশ করেন। কারা কর্তৃপক্ষও প্রাথমিক তদন্তে দেখতে পায়, পাইলট ভুলবশত অবতরণ করেছেন।