কাশিমপুর কারাগার থেকে সাত জেএমবি সদস্যের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল সোমবার দুপুরে জেএমবির সাত সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা সবাই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।সম্প্রতি উচ্চ আদালতে তাঁরা ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করলে বিচারক তাঁদের ফাঁসির দণ্ড মওকুফ করে খালাসের রায় দেন।খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাশিমপুর কারাগারের ১ নম্বর ইউনিটের বন্দী ঝিনাইদহের শৈলকুপা থানার দেবীনগর এলাকার তেজারত আলীর ছেলে আজিম উদ্দিন (২৮), একই এলাকার জায়বার আলী বিশ্বাসের ছেলে ইউনুস আলী (২৮) ও ঝিনাইদহের কালীগঞ্জ থানার মোল্লাকোড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে সদর উদ্দিন (২৯) এবং কারাগারের ২ নম্বর ইউনিটের ফাঁসির দণ্ডপ্রাপ্ত নয়জন বন্দীর মধ্যে ঝিনাইদহের আড়পাড়া গ্রামের মো. ফেরদৌসের ছেলে জহিরুল আল মামুন ওরফে চাঁদ (৩৩), ঝিনাইদহের শৈলকুপা থানার দেবীনগর এলাকার রবজেল হোসেন (২৮) ও একই এলাকার ইশরাত আলী বিশ্বাসের ছেলে আজিজুর রহমান (৩২), ঝিনাইদহের বেপারীপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (২৯)। এ ছাড়া আপিলের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই ইউনিটের বন্দী ঝিনাইদহ সদরের মোগরখালী এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সবুজ আলী ওরফে সবুজকে (২৭) এবং ২ নম্বর ইউনিটের বন্দী ঝিনাইদহ জেলার কংশী এলাকার খেয়াল উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৮), শিকারপুর গ্রামের আবদুর রহমানের ছেলে মনিরুল ইসলাম ওরফে মোখলেছ (২৯), ভরুরা এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে মো. মোহিত মোল্লা (৩০), হামদহ এলাকার মোমিনুর রহমানের ছেলে মামুনুর রশিদ, (২৯) ও বেরাজপুর এলাকার আবদুল মান্নানের ছেলে রুকনুজ্জামান ওরফে মিথুনকে (৩২) মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করে যাবজ্জীবন (সশ্রম) কারাদণ্ডাদেশ প্রদান করায় তাঁদের মুক্তি দেওয়া হয়নি।কারাগারের ২ নম্বর ইউনিটের কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট প্রথমে ঝিনাইদহ সদর থানায় ২১ জনকে আসামি করে ওই মামলা (নম্বর ১৭) দায়ের করা হয়, যা পরবর্তী সময়ে স্পেশাল ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০০৬ সালে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সা কা ম আনিছুর রহমান স্পেশাল ট্রাইব্যুনাল মামলায় (নম্বর ১৪৫/২০০৫) তাদের ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। পরে ২০০৬ সালের ২১ এপ্রিল তাঁদের ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় এবং তাঁদের পক্ষ থেকে ফাঁসির রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে বিচারক সম্প্রতি (এ বছরের ১০ জানুয়ারি) ওই (সংশোধিত) রায় দেন। রায়ে পত্র যাচাই-বাছাই করে গতকাল সোমবার তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুরে ওই কারাগারের ১ নম্বর ইউনিটের সিনিয়র সুপারিনটেনডেন্ট মো. জাহাঙ্গীর কবির জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার দুপুর দুইটার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।