কাশিমপুর কারাগারে অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অব্যবস্থাপনা তদন্তে একটি কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক নূরুল ইসলাম। আজ বুধবার বিকেলে তিনি কারাগার পরিদর্শনে যান। পরে বিষয়টি তদন্তে সন্ধ্যায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেন তিনি।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এর জের ধরে নূরুল ইসলাম আজ বিকেলে ওই কারাগার পরিদর্শন করেন। পরে তিনি কারাগারের বর্তমানে অবস্থা যাচাই করেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামালকে ওই কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুজন হলেন গাজীপুরের অতিরিক্ত একজন পুলিশ সুপার ও স্থানীয় গণপূর্ত দপ্তরের উপ-বিভাগীয় পর্যায়ের একজন কর্মকর্তা। তাঁদের সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
জানতে চাইলে ওই কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, কারাগার নিয়ে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। তিনি আসার পর বন্দিদের অনৈতিক সুবিধা বন্ধ হয়ে যায়। ফলে ওইসব অনৈতিক সুবিধা ভোগকারী বন্দিদের সহযোগিতায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাজে জমা দেওয়া হবে।