কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গত সোমবার রাতে হজরত আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক নজরুল ইসলাম হত্যা মামলায় হজরত আলী ও তাঁর তিন সহযোগী ছিনতাইকারীকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন। হজরত আলীর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কাজীকান্দি গ্রামে। মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ২৬ জুলাই রাতে নজরুল রাজধানীর ধানমন্ডি থেকে মিরপুরে যাওয়ার জন্য ট্যাক্সিক্যাব ভাড়া করেন। পথে আসাদ গেট এলাকায় চালক কামাল ক্যাবের গতি কমিয়ে তিন সহযোগী ছিনতাইকারী হজরত আলী, লিটন সরদার ও আবদুল কাদিরকে গাড়িতে ওঠান। পরে ছিনতাইকারীরা উপপরিদর্শক নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে টাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে যান।এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। পরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয়। ২০০৪ সালের ১৬ জুন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামিদের মৃত্যুদণ্ডাদেশ দেন।