কাশিমপুর কারাগারে জনবল বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নতুন ৩ হাজার ১০৭ জন জনবল অনুমোদন-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অচিরেই কারাগারের জনবল-সংকট সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করেন।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৪৮তম কারারক্ষী ও নারী কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কারা নিরাপত্তা আধুনিকায়নে বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ে সম্প্রতি ৩২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী অর্থবছরে তা বাস্তবায়ন করা হবে।

আসাদুজ্জামান কারাগারের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারা অভ্যন্তর থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনো সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করবেন।

আধুনিক কারা ব্যবস্থাপনায় চৌকস কারারক্ষী দল অপরিহার্য জানিয়ে মন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, মৌলিক প্রশিক্ষণ শেষে তাঁরা (কারারক্ষী) চৌকস বাহিনী হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি কাশিমপুর কারাগার-২-এ বন্দী পুনর্বাসনের জন্য স্থাপিত আধুনিক আসবাব তৈরি স্কুলের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ, কাশিমপুর কারাগার-১-এর জেল সুপার সুব্রত কুমার বালা, কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক প্রমুখ।