কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হত্যা ও অস্ত্র মামলার এক আসামির আজ সোমবার মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. জামাল মৃধা (৩২)। তিনি ভোলা জেলার ইলিশা গ্রামের আলিফ মৃধার ছেলে। কারা কর্তৃপক্ষের দাবি, হার্ট অ্যাটাকে জামালের মৃত্যু হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, হত্যা ও অস্ত্র মামলার আসামি জামাল মৃধা আগে থেকেই হূদরোগে আক্রান্ত ছিলেন। আজ সকাল আটটার দিকে তাঁর বুকে ব্যথা শুরু হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাঁকে প্রথমে কারাগারের চিকিত্সাকেন্দ্রে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কারাগারের চিকিত্সক তাঁকে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক জামালকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, জামাল মৃধা ঢাকার শাহ আলী থানায় দুটি হত্যা মামলা এবং পল্লবী থানায় একটি অস্ত্র মামলায় অভিযুক্ত। হাজতি হিসেবে ২০০৭ সাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এ বছরের ২৪ জানুয়ারি তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।