বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী ৮১ জন জওয়ানকে গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হওয়া এসব বন্দীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হয়। তাঁদের মধ্যে ডিএডি আবদুল কাদের রয়েছেন। বিডিআর বিদ্রোহের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।কারা সূত্র জানায়, সারা দেশে এ রকম এক হাজার ৫০৪ জওয়ানকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বিডিআর বিদ্রোহ মামলায় সিআইডির দেওয়া অভিযোগ থেকে তাঁরা সবাই অব্যাহতি পেয়েছেন। তাঁদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পাওয়া ৪২ জনের মধ্যে ১৪ জন বিডিআর জওয়ান এবং ২৮ জন হলেন সদর দপ্তরের কর্মচারী। কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পাওয়া ৩৯ জনের মধ্যে ১৫ জন বিডিআর জওয়ান এবং ২৪ জন হলেন সদর দপ্তরের কর্মচারী।মুক্তি পাওয়া জওয়ানদের ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে শিগগিরই উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।