কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিডিআর সদস্যের মৃত্যু
রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার এক আসামির মৃত্যু হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২)। নায়েক সুবেদার মো. গোলাম মোস্তফা (৩৫) নামের ওই হাজতিকে গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল বুধবার ভোরে গাজীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।গতকাল গাজীপুর সদর হাসপাতালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি যশোরে পাঠানো হয়। গোলাম মোস্তফার বাবার নাম মো. মোকসেদ আলী। বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাইশা গ্রামে।কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কের জয়দেবপুর থানায় পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে হাজতি গোলাম মোস্তফা আকস্মিকভাবে সংজ্ঞা হারিয়ে ফেললে কারাগারের সহকারী সার্জন চিকিত্সা দেন। পরে রাত চারটা ২৫ মিনিটে তাঁকে অ্যাম্বুলেন্সযোগে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. ফরমান আলী জানান, গোলাম মোস্তফা বিডিআর বিদ্রোহে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলার আসামি। গত বছর ২৬ জুন থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, এ ঘটনায় থানায় গতকাল অপমৃত্যুর মামলা হয়েছে।