কাশিমপুরে বন্দী ১০২ জঙ্গির ওপর নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দণ্ডাদেশপ্রাপ্ত তিন নেতাকে প্রিজন ভ্যান থেকে ছিনতাইয়ের ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই কারাগারে বন্দী জঙ্গিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। চালানো হচ্ছে তল্লাশি।
কাশিমপুর কারাগার সূত্র জানায়, সেখানে এখনো জেএমবির ১০২ জন সদস্য বন্দী রয়েছেন। এই কারাগার থেকে দণ্ডাদেশপ্রাপ্ত তিন জঙ্গি সালাউদ্দিন, হাফেজ মাহমুদ ও বোমা মিজানকে গত রোববার ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশালে জঙ্গিরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেয়। এ সময় জঙ্গিদের গুলিতে পুলিশের এক সদস্য নিহত ও দুজন আহত হন।
কারাগার থেকে মুঠোফোনে জঙ্গিদের মধ্যে যোগাযোগের অভিযোগ সম্পর্কে গতকাল সোমবার কাশিমপুর হাই সিকিউরিটি ইউনিটের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এমনটার সুযোগ নেই। কারাগারের ভেতরে জ্যামার (বিশেষ যন্ত্র) ও সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এগুলো দিয়ে সব সময় নজরদারি করা হয়।
কাশিমপুর কারাগার সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ইউনিটে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন জেএমবির ১০২ জন সদস্য। তাঁদের মধ্যে কারাগারের হাইসিকিউরিটি ইউনিটে রয়েছেন ৬৪ জন। এ ছাড়া কারাগারের ১ নম্বর ইউনিটে ১৭ জন, ২ নম্বর ইউনটে ১৯ জন এবং মহিলা কারাগারে দুজন সাজা ভোগ করছেন। রোববারের ঘটনার পর এসব জেএমবি সদস্যের জন্য কারাগারে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। তাঁদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক জানান, ত্রিশালে জেএমবির তিন সদস্য ছিনতাইয়ের পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।