কাশিয়ানী ও মিরসরাইয়ে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এদিকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘অনিয়ম ও দুর্নীতি’র প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে এলাকাবাসী।কাশিয়ানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকাবাসী গতকাল বেলা ১১টার দিকে উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উত্তেজিত জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও এবং ইটপাটকেল নিক্ষেপের মধ্যমে কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মিরসরাইয়ের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মিরসরাই পৌর বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এ সময় এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা ব্যবসায়ীদের সঙ্গে একত্রিত হয়ে মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন এবং গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।