কাশিয়ানীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত করার ঘটনা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গত রোববার সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। উপজেলার রাজপাট বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ধোপাপাড়া গ্রামের আ. করিম সরদার, শেখ সালাউদ্দিন ও শামিম মোল্লাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সেলিম রেজা জানান, শনিবার সকালে রাজপাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি পদে একজনকে নির্বাচিত করার জন্য উপজেলা আওয়ামী লীগের নেতারা বৈঠকে বসেন। এ সময় সভাপতি প্রার্থী ওয়াহিদুজ্জামানের সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী শেখ দেলোয়ার হোসেনের সমর্থকদের হট্টগোল হয়। তখন আওয়ামী লীগের নেতারা কমিটি গঠন স্থগিত করে ফিরে যান। কমিটি গঠন নিয়ে গত রোববার সকালে রাজপাট বাজারে ওয়াহিদুজ্জামানের সমর্থক মিঠুন মোল্লার সঙ্গে দেলোয়ার হোসেনের সমর্থক রাজপাট দক্ষিণপাড়ার আজিজুল মুন্সির ছেলে রাসেল মুন্সির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুন ও তাঁর সহযোগীরা রাসেলকে মারধর করেন। এ ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ও কাশিয়ানী থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা দুই পক্ষের লোকজনকে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।