কাশিয়ানীতে খালে ডলফিন হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া খালে গতকাল রোববার ভোরে একটি ডলফিন হত্যা করা হয়েছে। কুপিয়ে ও পিটিয়ে এটিকে হত্যা করা হয়। ডলফিনটি প্রায় আট ফুট লম্বা। ওজন সাড়ে তিন মণ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় এক যুবক গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে হাতিয়াড়া খালের পানিতে ডলফিনটির নড়াচড়া টের পান। বড় আকৃতির মাছ মনে করে ওই যুবক বাড়ি থেকে যুতি এনে ছুড়ে মারলে ডলফিনের পিঠে বিদ্ধ হয়। এ সময় ডলফিনটি ছুটতে থাকে। যুতির সঙ্গে বাঁধা দড়ি ধরে ওই যুবকও দৌড়াতে থাকেন। পরে তাঁর চিৎকার শুনে গ্রামের আরও কয়েকজন যুবক তাঁর সঙ্গে যোগ দেন। তাঁরা ডলফিনটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন নন্দী জানান, এটি মিঠাপানির ডলফিন। স্থানীয়ভাবে এর নাম শুশুক।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, এটি একটি দুর্ঘটনা। ওই যুবকেরা মাছ মনে করে ডলফিনটি যুতিবিদ্ধ করেন। পরে হত্যা করা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডলফিন ও অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা না করার ব্যাপারে এলাকাবাসীকে সচেতন করা হবে। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, ডলফিনটি কুপিয়ে ও পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃত ডলফিনটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতী নদীতে জেলেদের জালে গত শুক্রবার একটি ডলফিন ধরা পড়ে। পরে সেটি গোপালগঞ্জ বাজারে ৫০০ টাকায় বিক্রি করা হয়।