ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ওহেদুজ্জামান শিমুল (২৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এদিকে ফরিদপুরের মধুখালীতে গত মঙ্গলবার যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে একজন মারা গেছেন।গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, শিমুল ছুটি নিয়ে গ্রামের বাড়ি কাশিয়ানীর খায়েরহাট গ্রামে যাচ্ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পোনা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য সেনাবাহিনী তাঁর মরদেহ যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেছে। শিমুলের দুই বছরের একটি মেয়ে রয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ফরিদপুরের মধুখালী উপজেলার বালিয়াকান্দি-মধুখালী সড়কের মথুরাপুর দেউল এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সামনের চাকা খুলে পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই সুকান্ত রাজবংশী (২৬) নামে কীর্ত্তন দলের এক সদস্য মারা যান। তাঁর বাড়ি নড়াইল সদর থানার রুখানী গ্রামে। দুর্ঘটনায় কীর্ত্তন দলের আরও নয় সদস্য আহত হন।