কাশিয়ানীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামী ও তাঁর বন্ধুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খন্দকার কামালউজ্জামান গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন। মৃত্যদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নিহত গৃহবধূর স্বামী ইমদাদুল হক সরদার (২৫) ও তাঁর বন্ধু ফরিদ গাজী (২৬)। রায়ে মামলার অপর আসামি সেলিম সরদারকে (২৮) বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিল। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দ্বিতীয় স্ত্রীর কাছে নিজেকে অবিবাহিত প্রমাণ করতে ২০০৯ সালের ২২ আগস্ট রাতে ইমদাদুল হক তাঁর প্রথম স্ত্রী জোসনা বেগমকে (২০) কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। এর আগে কৌশলে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ান। বাড়িতে পৌঁছার আগে বন্ধু ফরিদ গাজীর সহযোগিতায় বাড়ির পাশের একটি পাটক্ষেতে নিয়ে জোসনাকে জবাই করে হত্যা করেন।