কাশীনাথপুরকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে কাশীনাথপুর নামের পৃথক একটি উপজেলা ঘোষণার দাবিতে গতকাল শনিবার কাশীনাথপুরে পাবনা-বগুড়া মহাসড়কে মানববন্ধন হয়েছে। জানা যায়, প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে সকাল ১০টার দিকে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ কমপক্ষে পাঁচ হাজার মানুষ মানববন্ধনে অংশ নেয়। পরে কাশীনাথপুর ফুলবাগান মোড়ে সমাবেশে বক্তারা বলেন, তিন উপজেলার কাশীনাথপুর, আহাম্মদপুর, দুলাই, রানীনগর, রূপপুর, ঢালারচর, জাতসাখিনী, পুরানভারেঙ্গা ও মাশুমদিয়া—এ নয়টি ইউনিয়নের অবস্থান উপজেলা সদর থেকে অনেক দূরে। প্রশাসনিকসহ যেকোনো প্রয়োজনে ইউনিয়নগুলোর বাসিন্দাদের উপজেলা সদরে যেতে দুর্ভোগ পোহাতে হয়। অথচ ওই নয় ইউনিয়ন নিয়ে কাশীনাথপুর উপজেলা গঠন ও এর কার্যালয় কাশীনাথপুরে স্থাপন করা হলে ওই ইউনিয়নগুলোর বাসিন্দারা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।