কাশেম আলীর বিদেশে যাওয়ার বিষয়ে তদন্ত করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর বিদেশে যাওয়ার ব্যাপারে তদন্ত শুরু করেছে সরকার। সন্দেহভাজন যুদ্ধাপরাধী হিসেবে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের তালিকায় নাম থাকলেও মীর কাশেম নির্বিঘ্নে গত ২৪ মার্চ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত শুরু হওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি আরও জানান, তদন্ত-প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকার মীর কাশেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা বলেছেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের তালিকা তাঁদের হাতে পৌঁছানোর আগের দিন দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম বিদেশে যান। অন্যদিকে দিগন্তের পক্ষ থেকে তাদের চেয়ারম্যান ব্যবসায়িক কাজ শেষে দেশে ফিরবেন বলে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘মীর কাশেম পালিয়ে যেখানেই যাক, তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। তাঁর বিদেশে যাওয়ার ব্যাপারে যদি কারও গাফিলতি বা ইন্ধন থাকে, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধ জাদুঘরে: মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থা মাঠপর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। গতকাল মঙ্গলবার তদন্ত সংস্থার চার কর্মকর্তা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে কিছু গ্রন্থ ও তথ্যচিত্র সংগ্রহ করেন। সংস্থার প্রধান আবদুল মতীন পরে সাংবাদিকদের জানান, তথ্য সংগ্রহের জন্য তাঁরা আরও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে যাবেন। আবদুল মতীন বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ এ বিষয়ে তথ্য সরবরাহসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।