কাশেম দুই দিনের রিমান্ডে হিলি থেকে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হওয়া হিলির হোটেল ব্যবসায়ী আবুল কাশেমকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক গতকাল বুধবার এই আদেশ দেন।এদিকে আবুল কালাম আযাদকে পালাতে সহযোগিতা করার অভিযোগে গতকাল হিলি থেকে আজিজুর রহমান ওরফে আজিজুল মুন্সীকে আটক করে পুলিশ। এর আগে এই মামলায় কাশেম এবং আযাদের দুই ছেলে ফয়সাল, মুশফিক ও শ্যালক কাজী এহতেশামুল হককে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাঁর দুই ছেলে ও শ্যালকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।রাজধানীর উত্তরখান থানার পুলিশ গতকাল কাশেমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। কাশেমের পক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এই মামলায় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৫৩ ধারা সংযোজনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা নিয়ে পুলিশ তাঁর উত্তরখানের বাড়িতে গিয়ে তাঁকে পায়নি। তাঁর পালানোর ঘটনায় ওই দিন পাঁচজনকে আসামি করে উত্তরখান থানার পুলিশ একটি মামলা করে। গ্রেপ্তারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে আযাদের ছেলে জানান, তিনি হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।হিলি থেকে একজন আটকহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, আবুল কালাম আযাদকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে পুলিশ গতকাল বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী চেকপোস্ট এলাকা থেকে আজিজুর রহমানকে (৪৬) আটক করে। তাঁর বাড়ি হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামে।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, আযাদের পালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম র‌্যাবের জিঙ্গাসাবাদে জানান, বিশাপাড়া গ্রামের আজিজুরের মাধ্যমে আযাদকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে আজিজুরকে আটক করা হয়। আজিজুরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে এবং রাতেই তাঁকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।জানা গেছে, আজিজ স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সদস্য ও হিলি চেকপোস্টে পাসপোর্ট আনা-নেওয়ার কাজ করতেন।