কাশেম হত্যাকাণ্ডের ঘটনায় মামলা
কমলাপুরে বোমা হামলায় রেলস্টেশনের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম নিহত হওয়ার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। আজ সোমবার রেলওয়ে নিরাপত্তা প্রহরী মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
এ ঘটনায় আটক দুই যুবক আমিনুল ইসলাম (২০) ও মো. আলমকে (২০) এ মামলায় আসামি করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, আমিনুল ইসলাম বাড়ি জামালপুরের উত্তর কুড়লায়। মো. আলমের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলিতে।
গতকাল রোববার কমলাপুরে রেলস্টেশনে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বোমা হামলায় প্রাণ হারান। পরে পুলিশ ও নিরাপত্তা প্রহরীরা ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেপ্তার করে।
রেলওয়ের কমলাপুর থানার পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ ‘প্রথম আলো’কে জানান, আহত দুই যুবক নিজেদের শিবির কর্মী বলে স্বীকার করেছেন। ঘটনার দিনে ওই দুই যুবক কমলাপুর রেলস্টেশনের পাশে যুবলীগের সমাবেশে হামলার পরিকল্পনা করছিল।
আবদুল মজিদ আরও জানান, বিস্ফোরিত বোমার আলামত থেকে দেখা গেছে, বোমাটি অনেক শক্তিশালী ছিল। সমাবেশে হামলা হলে অনেক মানুষ মারা পড়ত।
মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল দুই যুবক ঢাকা জেলা মুখ্য মহানগর হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বোমা হামলার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, নিহত আবুল কাশেমের পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অকাল মৃত্যুতে তাঁর পরিবারের যোগ্য একজনকে রেলওয়েতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমলাপুরে জানাজা
ঢাকা মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে আজ আবুল কাশেমের লাশ কমলাপুর রেলস্টেশন প্রাঙ্গণে নিয়ে আসা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তাঁর জানাজা হয়। জানাজায় রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাশেমের সহকর্মীরা অংশ নেন। পরে একটি অ্যাম্বুলেন্সে তাঁর লাশ গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে পাঠানো হয়।