কাশেমের ওপর বোমা হামলাকারী দুজন শিবিরের কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বোমা হামলা করে রেলওয়ের নিরাপত্তা প্রহরী আবুল কাশেমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক জিজ্ঞাসাবাদে নিজেদের ছাত্রশিবিরের কর্মী বলে স্বীকার করেছেন। রেলওয়ে পুলিশের সূত্র এ কথা জানিয়েছে। ওই দুজন গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও হামলার কথা স্বীকার করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, আবুল কাশেম হত্যার ঘটনায় গতকাল কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা প্রহরী মোস্তাফিজুর রহমানের করা মামলাটিতে ঘটনাস্থল থেকে আটক আমিনুল ইসলাম ও মো. আলমকে আসামি করা হয়েছে। গত রোববার বিকেলে বোমা হামলার ঘটনায় এ দুজনও আহত হন।
এজাহারে বলা হয়েছে, আমিনুলের (২০) বাড়ি জামালপুরের উত্তর কুড়লায় এবং আলমের (২০) বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলিতে।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, জিজ্ঞাসাবাদে আমিনুল ও আলম নিজেদের ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, রোববার তাঁরা ওই সময়ে কমলাপুর রেলস্টেশনের পাশে অনুষ্ঠিত যুবলীগের সমাবেশে হামলার পরিকল্পনা করছিলেন।
আবদুল মজিদ আরও জানান, বিস্ফোরিত বোমার আলামত থেকে দেখা গেছে, বোমাটি অনেক শক্তিশালী ছিল। ওই সমাবেশে হামলা হলে প্রাণহানি বেশি হতো।
মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কাশেম হত্যার ঘটনায় মামলার পর আটক দুই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বোমা হামলার কথা স্বীকার করেছেন। তাঁরা বলেছেন, একজনের নির্দেশে তাঁরা যুবলীগের সমাবেশস্থলে বোমা নিয়ে যাচ্ছিলেন।
রোববার বিকেলে কমলাপুর রেলস্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটের কাছে দায়িত্ব পালনকালে আবুল কাশেম সন্দেহভাজন দুই যুবককে তল্লাশির সময় তাঁদের ছোড়া বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন।
রেলওয়ের কর্মকর্তারা জানান, নিহত আবুল কাশেমের পরিবারের কাছে এক লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর অকালমৃত্যুতে পরিবারের যোগ্য একজনকে রেলওয়েতে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমলাপুরে জানাজা: ঢাকা মেডিকেল কলেজ মর্গে গতকাল সকালে আবুল কাশেমের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তাঁর লাশ নেওয়া হয় কমলাপুর রেলস্টেশন প্রাঙ্গণে। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তাঁর জানাজা হয়। জানাজায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কাশেমের সহকর্মীরা অংশ নেন। পরে অ্যাম্বুলেন্সে করে লাশ তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে নেওয়া হয়। সেখানে তাঁর লাশ দাফন করা হয়।