সংসদ সদস্যপদ খারিজসংক্রান্ত রায়ের বিরুদ্ধে টাঙ্গাইল-৫ আসনে সর্বোচ্চ ভোট পাওয়া আবুল কাশেমের করা পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ পিটিশন) ওপর ৫ জুন শুনানি হবে। কাশেমের পক্ষে গতকাল বৃহস্পতিবার আইনজীবী আনিসুল হকের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ ৫ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন।একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাহমুদুল হাসানের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কাশেমের অপর আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আদালতে মাহমুদুল হাসানের পক্ষে আইনজীবী ছিলেন এম আমীর-উল ইসলাম।নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম জয়ী হন। তবে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান। চূড়ান্ত শুনানির পর ২০০৯ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট মাহমুদুলকে বিজয়ী ঘোষণার জন্য নির্দেশ দেন। এর বিরুদ্ধে কাশেম আপিল বিভাগে আবেদন করলে গত ১৪ ফেব্রুয়ারি তা খারিজ হয়। এই রায় পুনর্বিবেচনার জন্য ৭ মে আবেদন করেন কাশেম।৩০ মে মাহমুদুল হাসানের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু ২৯ মে শপথ স্থগিত চেয়ে কাশেমের আইনজীবী আরজি জানালে চেম্বার বিচারপতি ৩১ মে পর্যন্ত স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।