কাশেমের লাশ দেশে আনার আবেদন পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক আবুল কাশেমের (৪৬) লাশ দেশে আনার আবেদন করেছে তাঁর পরিবার। গত রোববার কাশেমের কর্মস্থলের কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের নাজরান এলাকার সরুয়া নামক স্থানে আল হায়দার কোম্পানির অধীনে ওই দেশের সেনাবাহিনীর ক্যাম্পে বাবুর্চির কাজ করতেন কাশেম। তিনি ১১ জুলাই সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় কাজ শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের সহকর্মী আরিফ মিয়া আবুল কাশেমের বাড়িতে ফোন করে এই মৃত্যুর খবর দেন। গতকাল সোমবার সকালে নিহত কাশেমের বাড়িতে গিয়ে মাতম দেখা যায়। তাঁর মা সাজেদা খাতুন কাঁদছেন পুত্রশোকে, চার ছেলেমেয়ে বাবা হারানোর এবং স্ত্রী কুহিনুর বেগম কাঁদছেন স্বামী হারানোর শোকে। আবুল কাশেম ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার বাসিন্দা। আবুল কাশেমের দুই ছেলে ও দুই মেয়ে।