কাসেমের রিভিউয়ের সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার আদেশের দিন ধার্য রয়েছে।

মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেম আলীর করা আবেদনের ওপর গতকাল রোববার শুনানি শেষে আপিল বিভাগ ৩০ আগস্ট আদেশের দিন ধার্য করেন।

আজ সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে ‘মীর কাসেম আলী বনাম চিফ প্রসিকিউটর’ শিরোনামে বিষয়টি আদেশ প্রদানের জন্য মঙ্গলবারের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রয়েছে। বেঞ্চের অপর চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ। এ আবেদন নাকচ হলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। আর মীর কাসেম প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মীর কাসেমকে ফাঁসির দণ্ড ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ওই বছরের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। চলতি বছরের ৮ মার্চ আপিলের রায়ে ১৯৭১ সালে চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার দায়ে মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। অপর ছয়টি অভিযোগে বিভিন্ন মেয়াদে তাঁর কারাদণ্ড বহাল রাখেন আদালত।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। রাষ্ট্রপক্ষ এই রিভিউ আবেদনের শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানালে ২১ জুন চেম্বার বিচারপতি বিষয়টি ২৫ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। ২৫ জুলাই আসামিপক্ষ প্রস্তুতির জন্য দুই মাস সময়ের আবেদন জানালে আপিল বিভাগ ২৪ আগস্ট শুনানির দিন ধার্য করেন দেন।
গত ৮ মার্চ ঘোষিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ৬ জুন প্রকাশের পর রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছালে সেদিন ট্রাইব্যুনাল মীর কাসেমের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন। ওই দিন রাতে মৃত্যুপরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন কাশিমপুর কারাগারে থাকা মীর কাসেমকে তা পড়ে শোনানো হয়।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। কাদের মোল্লার রিভিউয়ের রায় অনুসারে এই আবেদন করায় দণ্ডিতের দণ্ডের কার্যকারিতা স্থগিত থাকে। এই রিভিউ আবেদনের ওপর ২৪ আগস্ট শুনানি শুরু হয়। ২৮ আগস্ট দ্বিতীয় দিনে শুনানি শেষে আপিল বিভাগ ৩০ আগস্ট আদেশের দিন রাখেন। এর ধারাবাহিকতায় বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় এল।