কাস্টম হাউসে পানি সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসে গত চার দিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে রাজস্ব আদায়কারী সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানে দুর্ভোগের শিকার হচ্ছেন কর্মকর্তা-কর্মচারী ও ব্যবহারকারীরা। শুল্ক-সংক্রান্ত বিরোধের জের ধরে পানি সরবরাহ বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে সন্দেহ করছেন কর্মকর্তারা। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের জন্য জাপান থেকে তিন হাজার ৫৩১ টন আয়রণ পাইপ আমদানি করে ওয়াসা কর্তৃপক্ষ। এই পাইপের মূল্য দেখানো হয় ৪৫ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৬৬২ টাকা। কাস্টম হাউস কর্তৃপক্ষ এই পণ্যের ২৫ শতাংশ শুল্কহার নির্ধারণ করে দেয় গত বৃহস্পতিবার। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ এই শুল্কহারে আপত্তি জানায়। ওয়াসার মতে, শুল্ক কর্তৃপক্ষ শুল্কহার বেশি নির্ধারণ করেছে। কাস্টম হাউসের উপকমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার নিয়ম মেনে শুল্কহার নির্ধারণ করা হয়। এরপর বৃহস্পতিবার রাত থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে প্রতিদিন কাস্টম হাউসে আসা ব্যবহারকারী ও কর্মকর্তা-কর্মচারী মিলে কয়েক হাজার লোক দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ ব্যাপারে ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, কাস্টম হাউসে ওয়াসার পানি সরবরাহের লাইনে আগে থেকে সমস্যা ছিল। শুল্ক বিরোধের কারণে এটি হয়নি। তবে তিনি বলেন, ‘কাস্টম হাউস আমাদের কাছে যে হারে শুল্ক দাবি করেছে, আমরা বলেছি সেটা অন্যায্য।’ কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন ভাউজারের মাধ্যমে সামান্য পরিমাণ পানি সরবরাহ দিচ্ছে ওয়াসা। তবে সেটাও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। লাইন মেরামতের জন্য সিটি করপোরেশন থেকে রাস্তা কাটার যাবতীয় অনুমতির আদেশ ওয়াসা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে গতকাল রোববার। এর পরও গতকাল রাত পর্যন্ত কাজ শুরু হয়নি।