মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি চালান আটক করায় চট্টগ্রাম কাস্টম হাউসের একজন কর্মকর্তার ওপর সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাস্টম হাউসে কর্মরত প্রায় ১৫০ জন রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তা গতকাল বুধবার দুপুরে কাস্টমস কমিশনারের কাছে বিচারের দাবি করেন। এ সময় কমিশনার হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরপর কাস্টম হাউসের কর্মকর্তারা কাজে যোগ দিলে স্বাভাবিক শুল্কায়ন কার্যক্রম শুরু হয়। কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের এবং অভিযুক্ত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাস্টম হাউস সূত্রমতে, অন্য পণ্য আমদানির ঘোষণা দিয়ে তামাকুমন্ডি লেনের প্রফেসর মার্কেটের সাদাত ট্রেডার্স ‘মশার কয়েল’ আমদানি করে। আমদানিকারক এটি খালাসের দায়িত্ব দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট মাসুদ এন্টারপ্রাইজ ও আল আমিন ট্রেডিং সিন্ডিকেটকে। গত মঙ্গলবার বন্দর থেকে চালানটি খালাসের খবর পেয়ে কাস্টম হাউসের উপকমিশনার মাহমুদুল হাসানের নির্দেশে বন্দর ইয়ার্ডে যান গোয়েন্দা শাখার কর্মকর্তা রমিজ সিকদার। কনটেইনার থেকে কাভার্ড ভ্যানে বোঝাই করা পণ্য পরীক্ষা করে তিনি শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিত হন। এর পরই তিনি গাড়িসহ চালানটি আটক করেন।সূত্রের ভাষ্যমতে, এ খবর পেয়ে রাত ১১টার দিকে আল আমিন ট্রেডিং সিন্ডিকেটের মালিক মনছুরুল আমিন ও তাঁর সহযোগী মো. সাইফুল বন্দরের ইয়ার্ডে আটক করা গাড়ির গতিরোধ করেন। এরপর গাড়িতে উঠে রমিজ সিকদারকে কিল-ঘুষি মেরে নাক-মুখ থেঁতলে দেন। এ সময় সেখানে উপস্থিত গোয়েন্দা কর্মকর্তা শামিম আক্তারসহ দুজনকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা।হামলায় আহত রমিজ সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে রমিজ সিকদার গতকাল বন্দর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় মনছুরুল আমিন রিয়াজ ও মো. সাইফুল এবং আমদানিকারক সাদাত ট্রেডার্সের বিরুদ্ধে অভিযোগ করা হয়।