নিলামে সর্বোচ্চ দরদাতার পরিবর্তে আমদানিকারককে গাড়ি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরীসহ ১২ জনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত।
জামিনপ্রাপ্ত অপর আসামিরা হলেন কাস্টমস কর্মকর্তা সাজেদুল হক, বাহারুল আলম, আবুল হাশিম প্রধান, আবু হায়দার, এ কে এম ফজলুল হক, প্রভাস চন্দ্র তরফদার, কাজল নন্দী, এন কে বড়ুয়া, আমিনুল ইসলাম এবং আমদানিকারক রুহুল আমিন ও মোহামঞ্চদ ইমরান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন আসামিদের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১০ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আসামিরা এখন ঢাকা ও চট্টগ্রামে কর্মরত। তাঁদের মধ্যে শাহাবুদ্দিন নাগরী ঢাকায় কাস্টমস কমিশনার হিসেবে শুল্ক ও গোয়েন্দা শাখায় কর্মরত আছেন।
সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম কাস্টমসে নিলামে ডাকা সর্বোচ্চ দরদাতা মো. হাসান আলীর পরিবর্তে আমদানিকারক মো. রুহুল আমিন ও মোহামঞ্চদ ইমরানকে গাড়ি দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়।