কাস্টমস কমিশনার হাফিজুর রহমান সাময়িক বরখাস্ত
শিক্ষাছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় কাস্টমস কমিশনার এম হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ১৯৮৫-এর বিধি ১১ অনুযায়ী এনবিআর এই আদেশ জারি করে। তাঁর এই সাময়িক বরখাস্তের আদেশ গত ১৫ মার্চ থেকে কার্যকর করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, এ ছাড়া হাফিজুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক হওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে এনবিআর।
এনবিআর সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত হাফিজুর রহমান শিক্ষাছুটিতে যুক্তরাজ্যে অবস্থান করেন। এরপর তাঁকে কর্মস্থলে যোগদানের নোটিশ দেওয়া হলে তিনি যোগদান করেননি। ছুটিতে থাকাকালে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে এনবিআর তদন্ত করে প্রমাণ পায় যে হাফিজুর বেস্ট লজিস্টিক লিমিটেড নামের একটি ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠানের ৭৫ শতাংশের মালিক।