কাস্টমস কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে কলম বিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনারের ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার চট্টগ্রামে এক ঘণ্টার কলম বিরতি পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিসিএস কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।
কলম বিরতির কর্মসূচি গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত পালন করা হয়। এ সময় দপ্তরগুলোতে কোনো কাজ হয়নি।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন বেনাপোলে কাস্টমসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
বিসিএস কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মোহাম্মদ এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, বেনাপোলে হামলার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।