কাস্টমস কর্মকর্তার কারাদণ্ড
সম্পদের হিসাব দাখিল না করায় কাস্টমস ইন্সপেক্টর দেলোয়ার হোসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ফজিলা বেগম এ রায় দেন।একই সঙ্গে আদালত দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও দুই মাস কারাদণ্ড ভোগ করতে হবে। দেলোয়ার হোসেন বর্তমানে ঢাকা দক্ষিণের আরমানিটোলা সার্কেলের কাস্টমস ও ভ্যাট অঞ্চলে কর্মরত।আদালত রায়ে বলেন, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬ (২) (ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে এ কারাদণ্ড দেওয়া হলো। এ সময় আসামি দেলোয়ার হোসেন আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দেলোয়ার হোসেনকে সম্পদের হিসাব দাখিল করার জন্য ২০১০ সালের ২৯ মার্চ নোটিশ দেয় দুদক। ওই বছরের ৮ এপ্রিল সম্পদের হিসাব দাখিলের মেয়াদ শেষ হলেও তিনি তা দাখিল করেননি। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৯ মে রাজধানীর বংশাল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২৫ আগস্ট অভিযোগপত্র দেয় দুদক।