কাস্টমস কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রামে এক কাস্টমস কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক ছাইফুল্লাহ মো. এমরান বাদী হয়ে ডবলমুরিং থানায় এ মামলা করেন। আসামির নাম আক্তার জাহান। তিনি একজন গৃহিণী। তাঁর স্বামী চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মনজুরুল হক চৌধুরী। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ এলাকায়।এজাহারে বলা হয়, আক্তার জাহান দুদকে দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে সাড়ে ১৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও ৫৪ লাখ ২৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তিনি দুদকে ৯৮ লাখ ৮০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের ঘোষণা দেন। কিন্তু তাঁর সম্পদ পাওয়া গেছে এক কোটি ১৩ লাখ টাকা। আবার তিনি অর্জিত সম্পদের পাশাপাশি পারিবারিক ব্যয় দেখিয়েছেন ১৮ লাখ টাকা। এ সময় তাঁর অর্জিত বৈধ সম্পদের পরিমাণ পাওয়া যায় ৭৭ লাখ ১৩ হাজার টাকা।