কাস্টমস কর্মকর্তাসহ তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ তিন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি দুই আসামি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার কে এম নুরুদ্দীন ও আনসার সদস্য মো. মাহফুজার রহমান। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সোনা চোরাচালানের মামলায় কারাগারে আটক তিন আসামি গতকাল জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তিন আসামির জামিন মঞ্জুর করেন। তিন মাস আগে আসামিরা কারাগারে এসেছিলেন। ঘটনায় সময় তাঁরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১ নভেম্বর বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামের আলাউদ্দিন চৌধুরী দুবাই থেকে উড়োজাহাজে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেদিন তিনি সঙ্গে থাকা দুটি লাগেজ বিমানবন্দরে ফেলে যান। পরদিন বিমানবন্দরের সংশ্লিষ্ট শাখায় এসে লাগেজ দুটি ছাড়িয়ে নেন তিনি। কিন্তু বিমানবন্দরে লাগেজ দুটি স্ক্যান করে ২৫টি সোনার বার পাওয়া যায়। সোনার বার উদ্ধারের ওই ঘটনায় সেদিন কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর কাস্টমস কর্মকর্তা আনিসুর রহমানসহ তিনজনকে আসামি করে পতেঙ্গা থানায় চোরাচালান আইনে মামলা করে দুদক।