গাড়ি নিলাম নিয়ে দুর্নীতির মামলায় চট্টগ্রাম কাস্টমের সাবেক কমিশনার শাহাবুদ্দীন নাগরীসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
অন্য আসামিরা হলেন কাস্টমস কর্মকর্তা সাজেদুল হক, বাহারুল আলম, আবুল হাশিম প্রধান, আবু হায়দার, এ কে এম ফজলুল হক, প্রভাষ চন্দ্র তরফদার, কাজল নন্দী, এন কে বড়ুয়া, আমিনুল ইসলাম, মাসুক আল হোসাইনী, আমদানিকারক রুহুল আমিন ও মোহাম্মদ ইমরান।
নিলামে সর্বোচ্চ দরদাতার পরিবর্তে আমদানিকারককে গাড়ি দেওয়ার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই সর্বোচ্চ দরদাতা মো. হাসান আলী আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন অভিযোগ তদন্ত করেন। গত ১২ সেপ্টেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের কৌঁসুলি মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিরা এখন ঢাকা ও চট্টগ্রামে কর্মরত। তাঁদের মধ্যে শাহাবুদ্দীন ঢাকায় কাস্টম কমিশনার হিসেবে শুল্ক ও গোয়েন্দা শাখায় আছেন। বিচার শুরুর জন্য আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন।