কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নতুন ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী শিল্প স্থাপন ও এ-সংক্রান্ত তথ্য এখন দ্রুত অনলাইনে পেতে নতুন ওয়েবসাইট খুলেছে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রাম। গতকাল শুক্রবার ওয়াসা মোড় এলাকায় সংস্থার কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।
এনবিআরের চেয়ারম্যান বলেন, অনলাইন ব্যবহারকারীদের তথ্য প্রদানের এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন কার্যক্রমকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলের রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তারা এখন সব তথ্য নিজেদের অফিস ও বাসায় বসেই পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের কমিশনার আব্দুল মান্নান শিকদার। বক্তব্য দেন এনবিআরের সদস্য হুসেইন আহমেদ ও বশির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১১ সালের ২ নভেম্বর পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট হিসেবে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের যাত্রা শুরু হয়। রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি ও ব্যবহার তদারক করে এই সংস্থা।