কাস্টমস ৩০ ঘণ্টা পর সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নে অচলাবস্থা নিরসন হয়েছে। গতকাল মঙ্গলবার রাজস্ব বোর্ডের একজন সদস্য ও কাস্টম হাউসের কর্মকর্তাদের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের টানা সাড়ে ছয় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সন্ধ্যা ছয়টায় এই অচলাবস্থা নিরসন হয়। প্রসঙ্গত, একই আমদানি চালানে একাধিক কনটেইনার ধাপে ধাপে খালাসের ক্ষেত্রে আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টকে যৌথ অঙ্গীকারনামা দেওয়ার নিয়ম মানতে বাধ্যবাধকতা আরোপ করে শুল্ক কর্তৃপক্ষ। কিন্তু সিঅ্যান্ডএফ এজেন্টরা এই নিয়ম না মানার ঘোষণা দিয়ে গত সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে কাজ বন্ধ করে দেয়। তারা কাজ বন্ধ করে শুল্ক কর্মকর্তা ছাড়া কাউকে কাস্টম হাউসে ঢুকতে না দেওয়ায় শুল্কায়নও হয়নি। সমঝোতার আগে গতকাল মঙ্গলবারও তারা মূল ভবনের ফটকে নিয়ন্ত্রণ নিয়ে শুল্ক কর্মকর্তা ও সাংবাদিক ছাড়া কাউকে ঢুকতে দেয়নি। গতকাল বৈঠক শেষে রাজস্ব বোর্ডের সদস্য মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, একই চালানের একাধিক কনটেইনার ধাপে ধাপে খালাসের ক্ষেত্রে আমদানিকারকদের অঙ্গীকারনামা দিতে হবে। তবে সিঅ্যান্ডএফ এজেন্টদের আলাদাভাবে অঙ্গীকারনামা দিতে হবে না। আমদানিকারক যে অঙ্গীকারনামা দেবেন, তাতে প্রতিস্বাক্ষর করবেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। এই প্রক্রিয়া অনুসরণ করা হলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিতে সমস্যা হবে না বলে তিনি জানান। এ সময় কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম, অতিরিক্ত কমিশনার মতিউর রহমান, যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান ও ফিরোজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের আলাদাভাবে অঙ্গীকারনামা দিতে হবে না এবং নয়টি সুনির্দিষ্ট দাবির বিষয়ে শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে মতৈক্য হয়েছে। এ কারণে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।শুল্ক কর্মকর্তারা জানান, অঙ্গীকারনামা বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে মতৈক্য হলেও আইনি বাধ্যবাধকতা পালনে শুল্ক কমিশনারের অনড় অবস্থানই বহাল থাকছে। সমপ্রতি বাতিল লোহা ঘোষণার একই চালানের দুটি কনটেইনারের একটি খালাস হয়ে যায়। ওই চালানে দ্বিতীয় কনটেইনার খালাসের সময় ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়ার অভিযোগে সেটি আটক করা হয়। নিয়মানুযায়ী, দুই কনটেইনার একই চালান বা দলিলপত্রের আওতায় আসায় কনটেইনার দুটিই আটক হওয়ার কথা রয়েছে। কিন্তু শুল্ক কর্তৃপক্ষ অঙ্গীকারনামা আদায় না করায় এ ক্ষেত্রে আইনগত সমস্যা দেখা দেয়। এই ঘটনার পর কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ৭৮(সি) ধারা অনুযায়ী আইন মানার বাধ্যবাধকতা আরোপ করে শুল্ক কর্তৃপক্ষ। এদিকে, দীর্ঘ সময় অচলাবস্থার ক্ষতি পুষিয়ে নিতে গতকাল রাত ১১টা পর্যন্ত কাস্টম হাউসের আমদানি শাখা এবং রাত ১২টা পর্যন্ত রপ্তানি শাখা খোলা রাখা হয়। গত দুই দিনে যারা আমদানি ও রপ্তানির দলিলপত্র জমা দিতে পারেনি, তাদের সুবিধার্থে এই বিকল্প ব্যবস্থার আয়োজন করে শুল্ক কর্তৃপক্ষ। এ সময় শুল্ক-কর পরিশোধ করে বন্দর থেকে পণ্য খালাসের জন্য কাস্টম হাউসের নিচে অবস্থিত সোনালী ব্যাংকের শাখাও খোলা রাখা হয়।