কাস্টমসের দুই কর্মকর্তা ওএসডি হোতারা ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে দুটি কনটেইনারে বোঝাই সাড়ে চার কোটি টাকার বিদেশি মদ চোরাচালানের ঘটনায় গত সোমবার রাতে কাস্টমসের দুজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর প্রায় দেড় সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রভাবশালী চক্রের মূল হোতারাও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার সুপারিশমতে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় মংলা কাস্টমস হাউসের প্রিন্সিপাল অ্যাপ্রেইজার মো. নাজমুল হুদা ও অ্যাপ্রেইজার আব্দুর রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওএসডি করা হয়।নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, দুবাই থেকে গত ২৯ নভেম্বর এমভি কোটা রত্না নামে কনটেইনারবাহী একটি জাহাজ মংলা বন্দরে আসে। মংলা বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে গত ২২ ডিসেম্বর ওই জাহাজের দুটি কনটেইনার খুলে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। এত বড় মদের চালান আটক দেশে এই প্রথম। দুটি কনটেইনার থেকে বিভিন্ন দেশের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪ হাজার ২৪০ বোতল মদ উদ্ধার করা হয়। এই মদের দাম প্রায় সাড়ে চার কোটি টাকা। খুলনা মহানগরের ১ নম্বর স্টেশন রোডের মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান কসমেটিক আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে দুটি কনটেইনারে সামান্য কিছু কসমেটিকস পণ্যের সঙ্গে এই মদ আনে।সূত্রটি জানায়, চালান আটকের পর খুলনা কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা বিভাগ তদন্ত করে এই মদ চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে চিহ্নিত করে। পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে ৪ জানুয়ারি চিহ্নিত ওই চারজনকে আসামি করে মংলা থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হুমায়ুন কবীর ও মহাব্যবস্থাপক আজাদ মাহাতাব, ওই জাহাজের সিঅ্যান্ডএফ এজেন্ট খুলনার প্রফেসি শিপিং লাইনের স্বত্বাধিকারী মনির হোসেন ও ব্যবস্থাপক আবদুর রাজ্জাক। তাঁরা সবাই আত্মগোপন করেছেন।মামলায় উল্লেখ করা হয়, যে চারটি পণ্য আমদানির ঘোষণা দিয়ে সাড়ে চার লাখ টাকার এলসি খোলা হয়েছিল, সেই সব পণ্য জাহাজে এসেছিল। এর বাইরে ঘোষণা ছাড়াই আনা হয় মদ। বিদেশে এই মদের দাম পরিশোধ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মদ আমদানির জন্য যে টাকা পরিশোধ করা হয়েছে, তা হুন্ডির মাধ্যমে পাঠানো হয়েছিল। এতে আমদানিকারক মানি লন্ডারিং আইনেও অপরাধ করেছেন।কাস্টমসের একটি সূত্র জানায়, মদ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মংলা কাস্টমস হাউসের প্রিন্সিপাল অ্যাপ্রেইজার মো. নাজমুল হুদা ও অ্যাপ্রেইজার আব্দুর রশিদকে ওএসডি করা হলেও এ ঘটনায় জড়িত থাকায় কাস্টমসের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, কাস্টমসের দেওয়া অভিযোগটি পাওয়ার পর তাঁরা এটিকে বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান ধারায় মামলা নথিভুক্ত করেছেন। আসামিরা সবাই পলাতক থাকলেও তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ তত্পর রয়েছে।