কাস্টমসের পণ্য নামমাত্র দামে বিক্রি, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় কাস্টমস গুদামে রক্ষিত ১০ কোটি টাকা দামের পণ্য মাত্র ৩৯ লাখ ৯৩ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার জেলা ন্যাপের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উন্মুক্ত নিলামের মাধ্যমে গত ৬ এপ্রিল এ মালামাল বিক্রি করা হয়। মালামালের মধ্যে শাড়ি, কাপড়, বৈদ্যুতিক সামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ অন্য জিনিসপত্র ছিল। তবে নিলামে কতজন অংশ নেন তা জানা যায়নি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আবুল কাসেম স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশে এ কাজ করেছেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বিজিবির হাতে বিভিন্ন সময় আটক এসব মালামালের মূল্য ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়। বক্তারা বলেন, বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও
সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে, গত ৭ মে সহকারী কমিশনার আবুল কাসেমকে চট্টগ্রামে বদলি করা হয়। মানববন্ধন থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সাতক্ষীরা জেলা ন্যাপ সভাপতি আবদুর রহমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ন্যাপের জেলা সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, জাসদের জেলা সহসভাপতি সরদার কাজেম আলী, বাস্তুহারা লীগের জেলা সাধারণ সম্পাদক আবদুস সামাদ প্রমুখ।
এ বিষয়ে আবুল কাসেম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। বিজিবি কোনো পণ্যের মূল্য নির্ধারণ করে না। মূল্য নির্ধারণ করেন কাস্টমসের গুদাম কর্মকর্তা। ওই পণ্যের মূল্য ১০ কোটি টাকা ছিল না। তবে ওই পণ্যের মূল্য ঠিক কত ছিল তা তিনি বলতে পারেননি।